চূড়ান্ত অনুমোদন পেল ওয়ালটনের আইপিও

২৩ জুন, ২০২০ ২২:২৫  
প্রযুক্তি খাতের দেশীয় কোম্পানি ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে ১০০ কোটি টাকা মূলধন সংগ্রহের চূড়ান্ত অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন-বিএসইসি। কমিশনের ৭২৯তম নিয়মিত সভায় ওয়ালটন শেয়ারের কাট-অব প্রাইস ৩১৫ টাকায় অনুমোদন দেয়া হয়েছে। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএসইসি জানিয়েছে, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ বুক বিল্ডিং পদ্ধতিতে ২৯ লাখ ২৮ হাজার ৩৪৩টি শেয়ার বাজারে ছেড়ে ওই ১০০ কোটি টাকা তুলবে। এর মধ্যে ১৩ লাখ ৭৯ হাজার ৩৬৭টি শেয়ার নিজ নিজ বিডিং মূল্যে উপযুক্ত বিনিয়োগকারীর নামে ইস্যু করা হবে। এর আগে গত মার্চের শুরুতে এ শেয়ারের প্রান্তসীমা মূল্য (কাট অফ প্রাইস) নির্ধারণের জন্য বিডিং হয়। নিয়ম অনুযায়ী, বিডিংয়ে উপযুক্ত বিনিয়োগকারীরা যে মূল্যে যতটি শেয়ার কিনতে চান, তাকে সেই মূল্যেই কিনতে হয়। আর প্রান্তসীমা মূল্য থেকে ২০ শতাংশ বাট্টায় অর্থাৎ ২৫২ টাকা দরে ১৫ লাখ ৪৮ হাজার ৯৭৬টি শেয়ার ইস্যু করা হবে সাধারণ বিনিয়োগকারীদের জন্য। পুঁজিবাজারে ওয়ালটনের অনুমোদিত মূলধন ৬০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ৩০০ কোটি টাকা। পুঁজিবাজার থেকে ১০০ কোটি টাকা সংগ্রহ করবে ওয়ালটন। এ অর্থ ওয়ালটনের কারখানার সম্প্রসারণ, আধুনিকায়ন, গবেষণা ও মানউন্নয়ন, ব্যাংক লোনের আংশিক দায় পরিশোধ এবং আইপিও খরচ সংকুলানে ব্যয় হবে বলে তারা জানিয়েছে। এ বিষয়ে ওয়ালটনের নির্বাহী পরিচালক উদয় হাকিম বলেন, এতোদিন ওয়ালটন একটি ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান ছিলো। এখন দেশের সাধারন বিনিয়োগকারীও মালিকানায় যুক্ত হবেন। তার প্রত্যাশা, ওয়ালটনে বিনিয়োগ করে সাধারণ বিনিয়োগকারীরা লাভবান হবেন এবং ওয়ালটনের অন্তর্ভূক্তি দেশের পূঁজিবাজারে ইতিবাচক ধারার সৃষ্টি করবে।